টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের বাসভবন, দলীয় কার্যালয় এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। পরে পাকুরতিয়া মাদ্রাসার পাশে বিএনপি সমর্থকদের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়।
বিকেল সাড়ে ৩টার দিকে আরেকটি মিছিল থেকে পাটগাতী বাজারে যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখের শ্রীরামকান্দির বাড়িতে আগুন দেওয়া হয়।
বিকেল ৫টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে বিএনপি সমর্থক মাহমুদ বিশ্বাসের দোকানে অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে টুঙ্গিপাড়া বাজারে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর খানের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।
রাত ৮টার দিকে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার পাটগাতী বাজারের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারের বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে।
এরপর রাত সাড়ে ৮টার দিকে পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সির পাটগাতী মধ্যপাড়া গ্রামের বাড়িতে ভাঙচুর চালানো হয়। রাত ৯টার দিকে গ্রামীণ ব্যাংকের পাটগাতী-টুঙ্গিপাড়া শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লা বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এখানে সবার রাজনীতি করার অধিকার রয়েছে। বিএনপি করার কারণে নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।
এর আগের দিন শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর বর্নি বাজারের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পরে ওইদিন রাতেই কুশলী ইউনিয়নের বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, রোববার দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার কথা তিনি শুনেছেন। তবে এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।
Follow the story
About this article
- Length
- 309 words · 2 min read
- Published
- November 16, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar