নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
AI summary
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা সদরে ফার্মেসিতে ওষুধ বিক্রির নিয়মনীতি ও প্রয়োজনীয় লাইসেন্স যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী এবং জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ওষুধ তত্ত্বাবধায়ক রেশমা সুলতানা জ্যোতি।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে উপজেলা সদরের বিভিন্ন ফার্মেসিতে পরিদর্শন ও তদারকি চালানো হয়। এ সময় লাইসেন্স সংক্রান্ত ত্রুটি ও অন্যান্য অনিয়ম পাওয়ায় চারকম ফার্মেসিকে আর্থিক জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—
স্বদেশ ফার্মেসি (দর্জি রোড): ৭,০০০ টাকা
ন্যাশনাল ফার্মেসি: ১০,০০০ টাকা
জনতা মেডিকেল হল: ১০,০০০ টাকা
মাতৃছায়া মডেল মেডিসিন ফার্মেসি: ৫,০০০ টাকা
এদিকে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বেশ কয়েকটি ফার্মেসি ও অন্যান্য দোকান তাৎক্ষণিকভাবে বন্ধ করে পালিয়ে যান ব্যবসায়ীরা।
অভিযান শেষে ইউএনও নূরজাহান আক্তার সাথী ফার্মেসি মালিকদের যথাযথ নিয়ম মেনে ব্যবসা পরিচালনা এবং দ্রুত প্রয়োজনীয় ড্রাগ লাইসেন্স গ্রহণের তাগিদ দেন। পাশাপাশি, ফার্মেসি মালিক সমিতিকে তাদের সদস্যদের লাইসেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়টি কঠোরভাবে তদারকি করার নির্দেশনা দেওয়া হয়।
তিনি বলেন, ‘ফার্মেসি ব্যবসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনসেবামূলক কার্যক্রম। তাই জনস্বার্থে আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। সাধারণ মানুষের নিরাপদ ওষুধ প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।’
অভিযান চলাকালে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
Follow the story
About this article
- Length
- 213 words · 1 min read
- Published
- November 17, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar