কলেজে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ক্লাসে পেলেন মাত্র একজন শিক্ষার্থী
রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে মহাসড়কের পাশে অবস্থিত বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এ সময় কলেজের একটি শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীকে উপস্থিত দেখতে পান তিনি। অন্য শ্রেণিকক্ষগুলোতেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল খুবই কম।
পরিদর্শনকালে শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চান মন্ত্রী। এক নারী শিক্ষকের কাছে জানতে চান, অন্য শিক্ষার্থীরা কোথায়? জবাবে ওই শিক্ষক জানান, তাঁর শ্রেণিতে মোট ১৫ জন শিক্ষার্থী থাকলেও সেদিন উপস্থিত ছিল মাত্র একজন।
শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসে না কেন, এমন প্রশ্নেরও সন্তোষজনক উত্তর পাননি মন্ত্রী। পরে আরেক শিক্ষক জানান, শিক্ষার্থীদের ক্লাসে আসার প্রতি অনীহা রয়েছে। তাদের উপস্থিতি নিশ্চিত করতে ফোন করতে হয়। শিক্ষকদের এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
এ সময় কলেজের ক্লাস শুরুর সময় নিয়েও শিক্ষকদের কাছে জানতে চান তিনি। এক শিক্ষক জানান, বেলা সাড়ে ১১টায় ক্লাস রয়েছে। শিক্ষকেরা শ্রেণিকক্ষে প্রবেশ করলেও শিক্ষার্থীরা বাইরে থাকতে পারে বলে জানান তিনি।
তবে কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম দাবি করেন, কলেজে একাদশ শ্রেণিতে ৬৯ জন এবং দ্বাদশ শ্রেণিতে ১৬৮ জন শিক্ষার্থী রয়েছে। সেদিন সব মিলিয়ে ৬০ থেকে ৬৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। গার্হস্থ্য শ্রেণির ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীর মধ্যে একজন উপস্থিত ছিল বলেও জানান তিনি।
অধ্যক্ষ আরও জানান, সকাল ১১টা ২০ মিনিট থেকে প্রায় ২০ মিনিট কলেজে অবস্থান করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি একতলা থেকে চারতলা পর্যন্ত প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতির বিষয়টি নজরদারিতে রাখতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী অঞ্চলের পরিচালক হুমায়ুন কবীরকে তাৎক্ষণিক নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী।
Follow the story
About this article
- Length
- 251 words · 1 min read
- Published
- November 26, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar