ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীতে গাছ কেটে নাশকতার চেষ্টা
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে যান চলাচল বন্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে উপজেলার বোয়ালিয়া বাসস্ট্যান্ডের কাছে পাইকান্দি নতুন রাস্তার মাথায় ঘটে এ ঘটনা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে আসা দুই থেকে তিনজন ব্যক্তি ইলেকট্রিক করাত দিয়ে মহাসড়কের পাশের একটি বড় গাছ কেটে সড়কের [...]
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে যান চলাচল বন্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে উপজেলার বোয়ালিয়া বাসস্ট্যান্ডের কাছে পাইকান্দি নতুন রাস্তার মাথায় ঘটে এ ঘটনা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে আসা দুই থেকে তিনজন ব্যক্তি ইলেকট্রিক করাত দিয়ে মহাসড়কের পাশের একটি বড় গাছ কেটে সড়কের ওপর ফেলে দেয়। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গাছটি কাটার পর ওই ব্যক্তিরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে মধুখালী থানা পুলিশ, করিমপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান। পরে সড়কের ওপর থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ঘটনার সময় ওই পথ দিয়ে মাগুরার দিকে যাচ্ছিলো একটি ট্রাক। চালক নাইম জানিয়েছেন, মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক ব্যাগ থেকে ইলেকট্রিক করাত বের করে অল্প সময়ের মধ্যেই গাছটি কেটে সড়কে ফেলে দেয়।
করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস সালাম জানিয়েছেন, এটি ডাকাতির ঘটনা নয়। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে মহাসড়কে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে নাশকতার চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তে তদন্ত ও পুলিশি তৎপরতা চলছে বলে জানান এসআই আব্দুস সালাম।
এদিকে, একই রাতে ফরিদপুর কোতোয়ালি থানার পাশের একটি মার্কেটের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটাতে পারেন। কারা এর সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
Follow the story
About this article
- Length
- 245 words · 1 min read
- Published
- November 28, 2026
- Byline
- জাকির হোসেন
- Source
- Odhikar