চুল টানাটানিতে ৩ মিনিটে দুই লাল কার্ড, ৯ জনের দলে অ্যান্টিগুয়া
ফুটবল মাঠে ট্যাকল, ফাউল কিংবা হাতাহাতির ঘটনায় লাল কার্ড দেখা নতুন কিছু নয়। তবে প্রতিপক্ষ খেলোয়াড়ের চুল ধরে টানার অপরাধে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই খেলোয়াড়ের লাল কার্ড দেখার বিরল ঘটনা ঘটেছে কনকাকাফ নেশন্স লিগে।
অ্যানগুইলা ও অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডার মধ্যকার ম্যাচে অদ্ভুত এই ঘটনা ঘটে। ম্যাচে তখন ৫–০ গোলে পিছিয়ে ছিল অ্যানগুইলা। ৬৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন অ্যানগুইলার মিডফিল্ডার এইডান সিপিও।
সিপিওর মাথায় ড্রেডলক স্টাইলের লম্বা চুল, যা প্রায় গোড়ালি পর্যন্ত পৌঁছে যায়। মাঠে খেলার সুবিধার্থে তিনি সাধারণত চুল কোমরের সঙ্গে পেঁচিয়ে রাখেন। তবে মাঠে নামার তিন মিনিটের মধ্যেই সেই চুলকে ঘিরে ঘটে অপ্রত্যাশিত ঘটনা।
অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডার খেলোয়াড় কেওন গ্রিন পেছন থেকে সিপিওর ঝুলন্ত চুল ধরে টান দেন। রেফারি ঘটনাটি সরাসরি দেখতে পাওয়ায় গ্রিনকে কোনো সতর্কতা ছাড়াই সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।
এর কিছুক্ষণ পর অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডার আরেক খেলোয়াড়ও একইভাবে সিপিওর চুল ধরে টান দেন। রেফারি তাকেও সরাসরি লাল কার্ড দেখান।
মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখানোয় ৯ জনের দলে পরিণত হয় অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা।
অ্যানগুইলা ম্যাচটি জিততে না পারলেও সিপিওর অস্বাভাবিক লম্বা চুল এবং সেটিকে কেন্দ্র করে পরপর দুটি লাল কার্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও রসিকতা চলছে।
Follow the story
About this article
- Length
- 191 words · 1 min read
- Published
- September 29, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar