শচীনকে পেছনে ফেলে রুটের নতুন ইতিহাস
AI summary
ব্যাট হাতে জো রুট ক্রিজে নামা মানেই যেন ক্রিকেটের রেকর্ড বইয়ে নতুন কোনো অধ্যায় যোগ হওয়া। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাঠে নেমেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার।
এই মাইলফলকে পৌঁছাতে রুট খেলেছেন ৫২১ ইনিংস। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩ হাজার রান করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। ৫২২ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করা ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন রুট। তাঁর ওপরে আছেন কেবল ভারতের বিরাট কোহলি, যিনি ৪৯০ ইনিংসে ২৩ হাজার রান পূর্ণ করেছিলেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মাইলফলক থেকে মাত্র তিন রান দূরে ছিলেন রুট। এরপর দারুণ এক রিস্ট ফ্লিকে বল সীমানাছাড়া করে কাঙ্ক্ষিত ২৩ হাজার রানে পৌঁছে যান ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ২৩ হাজার বা তার বেশি রান করা ব্যাটার এখন আটজন। রুটের আগে এই তালিকায় ছিলেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস। রুটই প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে এই অভিজাত ক্লাবে জায়গা করে নিয়েছেন।
টেস্ট ক্রিকেটেও রুটের রেকর্ডের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। সম্প্রতি টেস্টে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ড নিজের করে নিয়ে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন তিনি। এখন টেস্টে শচীনের সর্বকালের সর্বোচ্চ রান ও সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও রুট ভাঙতে পারবেন কি না, সেদিকে নজর ক্রিকেটবিশ্বের।
বর্তমানে টেস্টে রুটের সংগ্রহ ১৪ হাজার ২৭৮ রান। শচীনের ১৫ হাজার ৯২১ রানের রেকর্ড থেকে তিনি পিছিয়ে ১ হাজার ৬৪৩ রানে। আগামী ডিসেম্বরে ৩৬ বছরে পা দিতে যাওয়া রুটের ব্যাটে এখনো ধারাবাহিকতার ছাপ রয়েছে। শচীনের ২০০ টেস্ট খেলার রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন আরও ৩১টি ম্যাচ।
Follow the story
About this article
- Length
- 256 words · 1 min read
- Published
- September 23, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar