দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল
চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসল করে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। গত সোমবার রাতে উপজেলার আধুনগর বাজারে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় গোসলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দেওয়ার কারণে এলাকায় পরিচিতি রয়েছে তাঁর।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার আধুনগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বিএনপি ও জামায়াতের সমর্থকেরা আলাদা প্রার্থীকে সমর্থন দেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর বিএনপি-সমর্থিত প্রার্থী বিজয়ী হন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জামায়াতের স্থানীয় নেতাদের সমালোচনা করে ফেসবুকে ভিডিও বক্তব্য দেন ফারুক। তাঁর অভিযোগ, ইউনিয়ন জামায়াতের নেতারা প্রতিশ্রুতি দিয়েও সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেননি।
এরপর ওই রাতেই আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা দেন তিনি। এ সময় সেখানে উপস্থিত একদল মানুষকে হাততালি দিতে দেখা যায়। পরে গোসলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বক্তব্যে ফারুক জামায়াতের স্থানীয় দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন এবং দলটির প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
ফারুক প্রথম আলোকে বলেন, তিনি জামায়াতের নেতা বা কর্মী নন, তবে দলটিকে সমর্থন করতেন। আধুনগর ইউনিয়নে দলটির হয়ে দায়িত্ব পালনকারীদের কর্মকাণ্ড তাঁর পছন্দ না হওয়ায় দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ফারুক তাঁদের একজন সমর্থক হিসেবে দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। বাজার কমিটির নির্বাচনে বিএনপি বা জামায়াত কোনো প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়নি বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, সভাপতি পদে ফারুকের ব্যক্তিগত পছন্দের একজন প্রার্থী ছিলেন। ওই প্রার্থী পরাজিত হওয়ায় ফারুক আবেগের বশে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।
Follow the story
About this article
- Length
- 271 words · 1 min read
- Published
- October 28, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar