ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ২ হাজার ১৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৪৪২ জনে। এ সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩০৭।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৭ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪৮৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৯৮ জন, ময়মনসিংহ বিভাগে ১০২ জন, রাজশাহী বিভাগে ২৫৩ জন, রংপুর বিভাগে ৯২ জন এবং সিলেট বিভাগে ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৯৫ হাজার ৩৩১ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায়ই ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৪২৮ জন।
Follow the story
About this article
- Length
- 177 words · 1 min read
- Published
- October 12, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar