মালয়েশিয়ার স্বাস্থ্যসেবায় বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ, ঢাকায় হেলথকেয়ার উইক
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা এবং মেডিকেল ট্যুরিজমের সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বাংলাদেশে শুরু হয়েছে ‘মালয়েশিয়া হেলথকেয়ার উইক ২০২৬’। মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (MHTC) পাঁচটি শীর্ষস্থানীয় মালয়েশিয়ান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সহযোগিতায় এবং বাংলাদেশের অংশীদার Irving Aviation Limited-এর সহায়তায় এ কর্মসূচি আয়োজন করছে।
গত ১৬ সেপ্টেম্বর ঢাকার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ‘Discover Malaysia Healthcare Corporate Networking Dinner’ আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এতে মালয়েশিয়ান হাইকমিশন, MHTC, মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতাল, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা পেশাজীবী, করপোরেট নেতা এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স হাজওয়ান হাসনল বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে স্বাস্থ্যসেবা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন।
MHTC-এর হেড অব ডেভেলপমেন্টাল মার্কেট মুহাম্মদ হিজামি আইজাত চে হারুন মালয়েশিয়ার উন্নত স্বাস্থ্যসেবা সক্ষমতা এবং আন্তর্জাতিক রোগীদের জন্য চিকিৎসাসেবা সংযোগ আরও সম্প্রসারণে MHTC-এর বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তুলে ধরেন।
মালয়েশিয়া হেলথকেয়ার উইকের অংশ হিসেবে MHTC-এর সঙ্গে পাঁচটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান—Alpha IVF & Women’s Specialists, KPJ Ampang Puteri Specialist Hospital, IHH Healthcare Malaysia, KL Fertility & Gynecology Centre এবং Sunway Medical Centre, Sunway City Kuala Lumpur—১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) অনুষ্ঠিত Asian Tourism Fair 2026-এ অংশ নিচ্ছে।
ICCB-এর হল-২-এর ১৫ থেকে ১৯ নম্বর বুথে স্থাপন করা হয়েছে ‘মালয়েশিয়া হেলথকেয়ার প্যাভিলিয়ন’। এর উদ্বোধন করেন হাজওয়ান হাসনল। প্যাভিলিয়নে দর্শনার্থীরা মালয়েশিয়ার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও চিকিৎসাসংক্রান্ত সুযোগ সম্পর্কে তথ্য জানতে পারছেন।
এ ছাড়া মালয়েশিয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম সফর করবে। সেখানে স্থানীয় চিকিৎসক, স্বাস্থ্যসেবা পেশাজীবী, ব্যবসায়ী এবং সম্ভাব্য অংশীদারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দুই দেশের স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।
Follow the story
About this article
- Length
- 249 words · 1 min read
- Published
- September 19, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar