গণিতের উন্নয়ন ও গবেষণায় কুবিতে আনোয়ার হোসাইন স্মারক সেমিনার
বিশিষ্ট গণিতবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসাইনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘আনোয়ার হোসাইন স্মারক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চ্যুয়াল কক্ষে গণিত বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবদুল হাকিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার এবং বাংলাদেশ গণিত সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মাহতাব ইউ. আহমেদ।
সেমিনারে অধ্যাপক ড. মাহতাব ইউ. আহমেদ বলেন, গণিত শিক্ষাকে আরও উন্নত করতে প্রথমে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে উদ্যোগ নিতে হবে। একাডেমিক পর্যায়ে বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকের স্বল্পতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশ গণিতবিদ ও গণিত শিক্ষার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি।
চ্যালেঞ্জ মোকাবিলায় নেওয়া উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা ৮টি অঞ্চলে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছি, যার লক্ষ্য গণিত শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহ তৈরি করা।’
সেমিনারের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহবুব বলেন, সমসাময়িক গণিতের বিভিন্ন বিষয়ে চলমান গবেষণা নিয়ে সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় তৈরি, গবেষণার নতুন পথ উন্মোচন এবং শিক্ষার্থীদের উপকৃত হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, ‘বিজ্ঞানের প্রধান ভিত্তিই হলো গণিত। গণিত ছাড়া বিজ্ঞান ও আধুনিক বিশ্বের কথা কল্পনা করা যেত না।’ তবে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণিত যতটা কঠিন, ঠিক ততটাই সহজ।
নারী শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, সমাজে একটি ধারণা রয়েছে যে নারী শিক্ষার্থীরা গণিত বোঝার ক্ষেত্রে দুর্বল। কিন্তু বর্তমানে নারীরা গণিত বিভাগে পড়াশোনা করছে এবং সেমিনারে অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেকই নারী শিক্ষার্থী। এ জন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাকিম বলেন, ‘আমরা এখানে শুধু কিছু শেখার জন্য আসিনি, আমরা এমন একজন মানুষকে স্মরণ করতেও এসেছি; যিনি গণিতের জন্য অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি আনোয়ার হোসাইন।’ এ ধরনের আয়োজন গণিত বিভাগকে আরও এগিয়ে নিতে এবং শিক্ষক-শিক্ষার্থীদের নতুনভাবে অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
Follow the story
About this article
- Length
- 358 words · 2 min read
- Published
- September 24, 2026
- Byline
- কুবি প্রতিনিধি
- Source
- Odhikar