কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করার ইচ্ছে চিন্ময়ের, অনুমতি চেয়ে আবেদন
AI summary
রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারে বন্দি অবস্থাতেই প্রয়াত মায়ের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন করার আগ্রহ প্রকাশ করেছেন। এ জন্য কারাগারের ভেতরে নির্দিষ্ট ধর্মীয় বিধিবিধান পালনের অনুমতি এবং একজন পুরোহিতকে কারাগারে প্রবেশের সুযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
কারাবন্দির পরিবার সূত্রে জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর কারাগারের নির্দিষ্ট সেলে ধর্মীয় এ অনুষ্ঠান আয়োজনের অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে আদ্যশ্রাদ্ধের প্রয়োজনীয় সামগ্রীসহ পুরোহিত হারাধন রুদ্রকে কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি চাওয়া হয়েছে। চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর এ আবেদন করেছেন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর চিন্ময়ের মা মারা যান। মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বিশেষ ব্যবস্থা ও শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি।
নতুন আবেদনটির বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার ও সুপার কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবেন বলে জানা গেছে।
কারা প্রশাসনের দায়িত্বশীল সূত্র জানায়, বন্দি অবস্থায় কারাগারের ভেতরে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের নজির অত্যন্ত সীমিত। কারাবিধিতে এ বিষয়ে সুনির্দিষ্ট বিধান না থাকায় নিরাপত্তা ও আইনি দিক পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবু হক বলেন, মায়ের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোলে মুক্তির প্রয়োজন ছিল এবং সে অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছিল। তবে কারাগারের ভেতরে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের নতুন আবেদনটির বিষয়ে কারাবিধি অনুযায়ী জেলা কারাগারের সুপার সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর থেকে একটি রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি রয়েছেন ইসকনের সাবেক এই সংগঠক। তার বিরুদ্ধে আইনজীবী হত্যার মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
Follow the story
About this article
- Length
- 228 words · 1 min read
- Published
- September 15, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar