লিটারপ্রতি ১০ টাকা বেড়েছে প্রায় সব ব্র্যান্ডের তরল দুধের দাম
বাজারে প্রায় সব ব্র্যান্ডের প্যাকেটজাত তরল দুধের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নিয়মিত পুষ্টির অন্যতম উৎস দুধের পেছনে মাসিক ব্যয় আরও বেড়েছে। দাম বৃদ্ধিতে অসন্তোষ জানিয়েছেন ভোক্তারা। কেউ কেউ বাড়তি খরচ সামলাতে শিশুদের নিয়মিত দুধ খাওয়ানোও কমিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন।
গত মাসে মিল্কভিটার আধা লিটার দুধের দাম ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা এবং এক লিটারের প্যাকেটের দাম ১০ টাকা বাড়িয়ে ১১০ টাকা করা হয়।
সম্প্রতি অন্যান্য ব্র্যান্ডের তরল দুধের দামও বেড়েছে। ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার দুধ ৫৫ টাকা এবং এক লিটারের প্যাকেট ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর রামপুরা এলাকায় দুধ কিনতে আসা এক ক্রেতা বলেন, দুধ সুষম খাদ্যের গুরুত্বপূর্ণ অংশ এবং ছোটবেলা থেকেই এর প্রয়োজনীয়তার কথা বলা হয়। তাই এভাবে একসঙ্গে দাম বাড়ানো ঠিক হয়নি।
আরেক ভোক্তা জানান, দাম বেড়ে যাওয়ায় তিনি তার শিশুকে নিয়মিত দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছেন। আগে নিয়মিত দুধ কিনলেও এখন বাড়তি খরচ বহন করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।
খুচরা বিক্রেতারাও বলছেন, দাম বৃদ্ধির পর তরল দুধের বিক্রি কমেছে। তাদের দাবি, প্রায় সব ব্র্যান্ডের দুধের দাম একসঙ্গে লিটারপ্রতি প্রায় ১০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দুধের দাম সমন্বয় করতে হয়েছে। প্যাকেজিং উপকরণ, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় বেশি খরচ হচ্ছে।
মিল্কভিটার চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল বলেন, প্যাকেজিং উপকরণের দাম অনেক বেড়েছে। পাশাপাশি গ্যাস ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয়ও বেড়েছে। এসব কারণে প্রতিষ্ঠানটি লোকসানে চলছিল। তাই বাধ্য হয়ে দুধের দাম বাড়াতে হয়েছে।
মিল্কভিটার পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষক পর্যায়েও দুধের ক্রয়মূল্য লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে।
নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের মধ্যে তরল দুধের নতুন দাম নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। ভোক্তাদের দাবি, পুষ্টির গুরুত্বপূর্ণ এই খাদ্যপণ্যটির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা হোক।
Follow the story
About this article
- Length
- 292 words · 1 min read
- Published
- September 21, 2026
- Byline
- অধিকার ডিজিটাল ডেস্ক
- Source
- Odhikar