পাচারকালে ২৪ বস্তা সারসহ নসিমন আটক, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা
ফরিদপুরের সালথায় সার ব্যবস্থাপনায় অনিয়ম প্রতিরোধে অভিযান চালিয়ে ২৪ বস্তা সারসহ একটি নসিমন আটক করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট বিসিআইসি সার ডিলারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের কানাইপুর সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, আটঘর ইউনিয়নের বিসিআইসি মূল ডিলার জনাব সুভাষ দত্তের নকুলহাটি বাজারস্থ দোকান থেকে গোড়দিয়া বাজারের খুচরা বিক্রেতা ওহিদের কাছে ২৪ বস্তা সার হস্তান্তর করা হয়েছে বলে দাবি করা হয়। তবে পরবর্তীতে নির্ধারিত গন্তব্য গোড়দিয়ার পরিবর্তে সারগুলো কানাইপুরের দিকে পরিবহন করা হচ্ছে এমন তথ্য পাওয়া গেলে বিষয়টি যাচাইয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ২৪ বস্তা সারসহ নসিমনটি আটক করা হয়। এ সময় চালক এরশাদের কাছে সার পরিবহনের সংশ্লিষ্ট কোনো রশিদ পাওয়া যায়নি। পরে সংশ্লিষ্ট ডিলারকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর বক্তব্যে অসঙ্গতি পরিলক্ষিত হয়।
এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারায় বিসিআইসি মূল ডিলার জনাব সুভাষ দত্তকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আহসানুল হাবীব আল আজাদ জনি উপস্থিত ছিলেন।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, কৃষকের জন্য বরাদ্দকৃত সার সুষ্ঠু ও নির্ধারিত ব্যবস্থাপনায় বিতরণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।
Follow the story
About this article
- Length
- 187 words · 1 min read
- Published
- September 24, 2026
- Byline
- ফরিদপুর জেলা প্রতিনিধি
- Source
- Odhikar